২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র’ চলমান: সেলিমুজ্জামান

মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নে যুবদল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র’ চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

বিএনপির ফরিদপুর বিভাগীয় এই সহসাংগঠনিক সম্পাদক বলেছেন, “আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন যাতে সঠিক সময়ে না হয় তার জন্য ‘ষড়যন্ত্র’ চলমান রয়েছে। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, সংঘবদ্ধ না থাকেন, এই ‘ষড়যন্ত্রকারীদের’ যদি প্রতিহত না করেন, তাহলে কিন্তু তারা সফল হবে।

“যারা গত ১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত যাতে ১২ ফেব্রুয়ারির নির্বাচন না হতে পারে।”

সোমবার বিকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি এখান থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। সেই নির্বাচন করতে এসে আমি দেখেছি, গোপালগঞ্জে কোনো নির্বাচন হয় না। বিশেষ করে জাতীয় নির্বাচন, যাকে গ্রামের মানুষ ‘রাজার নির্বাচন’ বলে, সে নির্বাচনটি কিন্তু সঠিকভাবে হয় না। সেই নির্বাচনে আমরা পছন্দের মানুষকে ভোট দিতে পারি না।

“বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, সেটি নির্বাচনের নামে প্রহসন ছিল। আগামী নির্বাচনে আর কারচুপির সুযোগ থাকবে না, যার ভোট তাকেই দিতে হবে।”

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী উপস্থিত ছিলেন।