২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

এক অটোরিকশা চালককে কোপ মেরে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা চালায় সামাদ। পরে গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া করে তাকে ধরে পিটুনি দেয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 03:19 PM

Updated : 17 Apr 2023, 09:36 AM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে নিহত ৪০ বছর বয়সী সামাদ সরদারের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সামাদ ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মৃত নাতু সরদারের ছেলে।

নিহতের ভাই লালন সরদার বলেন, তার ভাই গত দশ বছর ধরে ঢাকায় শনপাপড়ি বিক্রি করেন। রোববার রাতে ঘারুয়া বাসস্ট্যান্ডে নেমে বাড়ি ফিরছিলেন।

পথে খামিনারবাদ মোল্যার মোড়ে ঘারুয়ার ইমরান মোড়ল (২৪), শুভ কাজী (৩০), লিখন মোড়ল (৩০), আয়নাল শেখ (২৮), জাফর (৫০) ও কুতুব শিকদার (৩৫) তাকে চকের মধ্যে ডেকে নিয়ে হত্যা করে।

এ ঘটনায় জড়িত ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ঘারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার হায়দার হোসেন বলেন, “ঘটনার পরে জানতে পারি, খারদিয়ার একজন অটোরিকশা চালককে কোপ মেরে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা চালায় নিহত যুবক।

“পরে গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া করে সামাদকে ধরে পিটুনি দেয়। এরপর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে মারা যায় সে।”

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।