পঞ্চগড়ে নিহত বিএনপি নেতার বাড়িতে রেলমন্ত্রী
মন্ত্রী আরেফিনের স্ত্রী ও সন্তানকে সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বিএনপির গণমিছিলে গিয়ে নিহত আব্দুর রশিদ আরেফিনের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়ি গিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শুক্রবার বিকালে পঞ্চগড জেলা আওয়ামী লীগ সভাপতি সুজন আরেফিনের বাড়ি পাথরাজ চন্দনপাড়া গ্রামে যান। একই ইউনিয়নের মহাজনপাড়া গ্রামে মন্ত্রীর বাড়ি।
মন্ত্রী আরেফিনের স্ত্রী ও সন্তানকে সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় মন্ত্রী চিকিৎসক ও পরিবারের বরাতে সাংবাদিকদের বলেন, আরেফিনের মৃত্যু পুলিশের কোনো আক্রমণে হয়নি। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। ২০১৬ সালে ভারতে হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি পরিচালিত হাসপাতালে সে বাইপাস সার্জারি করান।
“তার সতর্কভাবে চলার দরকার ছিল; কিন্তু সে বিভ্রান্ত হয়ে পরিবারের কথা না ভেবে বিএনপির কর্মসূচিতে অংশ নেয়। আগে থেকে অসুস্থ থাকায় সেখানে দৌড়াদৌড়ির মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ প্রসঙ্গে তিনি তিনি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করেন।
মন্ত্রী বলেন, “তিনি তো তার পরিবারের সাথে কথা বলেছেন। তারপরও কীভাবে বলেন পুলিশের আঘাতে বা হামলায় তার মৃত্যু হয়েছে?”
এ সময় বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, জেলা জজ কোর্টের পিপি আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মন্ত্রীপুত্র কেন্দ্রীয় যুবলীগের সদস্য কৌশিক নাহিয়ান নাবিদ উপস্থিত ছিলেন।
গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরেফিনের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই সময় তিনি বলেন, “বিনা উস্কানিতে পুলিশের লাঠিচার্জ কোনভাবে মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”
গত ২৪ ডিসেম্বর পঞ্চগডে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি গণমিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে ও টিয়ারশেল ছোড়ে। এ সময় আব্দুর রশিদ আরেফিন মাটিতে লুটিয়ে পড়েন, পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
