১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ে গেছে আসবাবপত্র

শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ইউএনও।

বগুড়ায় ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ে গেছে আসবাবপত্র
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 10:46 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নৈশপ্রহরী সুমন ইসলাম বলেন, “সন্ধ্যার পর হঠাৎ করে অফিসে বিকট শব্দ শুনতে পাই। ভেতর গিয়ে দেখি আগুন জ্বলছে।

“সঙ্গে সঙ্গে ইউএনও স্যারকে ফোন দিলে, তিনি ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা সামছুল আলম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ইউএনওর কার্যালয়ে আগুনে জ্বলছে। তবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এতে আসবাবপত্র পুড়ে গেছে।”

শিবগঞ্জ ইউএনও তাহমিনা আক্তার বলেন, আগুনে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।