২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জমির বিরোধে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খুন

নিহতের বড় ভাইকেও কোপানো হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 12:57 AM

Updated : 26 Aug 2026, 10:38 AM

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে প্রতিবেশির দায়ের কোপে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে নগরীর বাদেকল্পা এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক এস এম নুর মোহাম্মদ বলেন।

নিহত মিন্টু মিয়া (৬৫) ওই এলাকার বাসিন্দা।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি মডেল থানা পুলিশ তিনজনকে আটক করেছে। 

আটকরা হলেন, একই এলাকার নাজমুল, রুহুল আমিন ও আব্দুল মান্নান।  

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়ার সঙ্গে প্রতিবেশি জাহাঙ্গীর আলমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। 

শুক্রবার আবারও সালিশের আয়োজন করা হয়। বিষয়টি অমিমাংসিতই থেকে যায়। 

নিহতের পরিবারের অভিযোগ, সালিশে আসা লোকজন বাড়ি থেকে যাওয়ার পরপরই জাহাঙ্গীর ও তার লোকজন মিন্টু মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। 

এতে বাধা দিতে গেলে মিন্টুর বড় ভাই আব্দুল করিমকেও হামলাকারীরা কুপিয়ে আহত করেন। 

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে মিন্টু মিয়ার মৃত্যু হয়। আব্দুল করিম একই হাসপাতালে ভর্তি আছেন।

নিহত মিন্টু মিয়ার ভাগ্নে রাকিবুল ইসলাম বলেন, “জমি নিয়ে প্রতিবেশির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় মামা মিন্টু মিয়াকে জাহাঙ্গীর দা দিয়ে কুপিয়ে হত্যা এবং আব্দুল করিমকে আহত করেন।”

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক এস এম নুর মোহাম্মদ।