পটুয়াখালীর সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই
তিনি পটুয়াখালী-১ আসনের তিন বারের সংসদ সদস্য ছিলেন।
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া আর নেই। তার বয়স হয়েছিল ৮৩।
শনিবার ভোর ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলেন জানিয়েছেন তার মেঝ ছেলে অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ বাবা দীর্ঘদিন বাধর্ক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সকাল ৬টায় মারা গেছেন।”
তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
শাহজাহান মিয়ার জন্ম ১৯৪০ সালের ১৭ জানুয়ারি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত টানা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
পটুয়াখালী-১ আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর হন ধর্ম প্রতিমন্ত্রী।
পেশায় আইনজীবী শাহজাহান মিয়া একাধিক মেয়াদে পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন।
তার মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
