ব্রাহ্মণবাড়িয়ায় লাইন মেরামত শেষে ট্রেন চলাচল শুরু
ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি বেগে ট্রেন চলাচল না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের ৪ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে রাত ৮টার পর থেকে আপ লাইনে (চট্টগ্রাম থেকে ঢাকামুখী) ট্রেন চলাচল শুরু হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি বেগে ট্রেন চলাচল না করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এর আগে দুর্ঘটনার ২৭ ঘণ্টা পর শুক্রবার বিকাল ৪টার দিকে লাইনচ্যুত সাতটি বগি উদ্ধার করা হলেও লাইন মেরামতের কাজ বাকি থাকায় আপ লাইনে ট্রেন চলাচল শুরু করা যায়নি।
তবে দুর্ঘটনার পরও ডাউন লাইনে (ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটমুখী) ট্রেন চলাচল অব্যাহত ছিল।
গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী (আপ লাইনে) একটি মালবাহী কন্টেইনার ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়; স্লিপারও ভেঙে যায়।
ঘটনার পর থেকে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনার পর স্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছিলেন, প্রাথমিকভাবে ট্রেনের বগি পড়ে যাওয়ার কারণ হিসেবে অতিরিক্ত গরম রেললাইন বেঁকে যাওয়া বলে মনে করা হলেও অধিকতর তদন্তের জন্য ঢাকা রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় ঘটে পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী প্রায় সবকটি ট্রেন বিলম্বে যাতায়াত করেছে।
আরও পড়ুন:
