১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

‘গরমে লাইন বেঁকে’ ট্রেন দুর্ঘটনা: ২৭ ঘণ্টা পর উদ্ধার সাত বগি

ঘটনার পর থেকে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ আছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 08:11 PM

Updated : 28 Apr 2023, 08:11 PM

ব্রাহ্মণবাড়িয়া ‘অতিরিক্ত গরমে’ রেললাইন বেঁকে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের সাতটি বগি ২৭ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার বিকাল ৪টার দিকে বগিগুলোর উদ্ধার কাজ শেষ হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম। 

তবে দুর্ঘটনার কারণে বন্ধ থাকা আপ লাইনে ট্রেন চলাচল শুরু করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। 

গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়; স্লিপারও ভেঙে যায়। 

ঘটনার পর থেকে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ আছে।

গত বৃহস্পতিবার বিকাল থেকে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি তোলায় কাজ শুরু করে উদ্ধারকারী ট্রেন। 

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, “লাইনচ্যুত বগিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিকাল ৪টা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়। এখন ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং স্লিপার বসানোর কাজ চলছে। এ কাজ শেষ হতে আরও সময় লাগবে। কাজ শেষ হলে আপাতত ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হবে আপ লাইনে। আশা করা হচ্ছে, আজ রাতের মধ্যেই আপ লাইনে ট্রেন চালানো যাবে।” 

প্রাথমিকভাবে ট্রেনের বগি পড়ে যাওয়ার কারণ হিসেবে অতিরিক্ত গরম রেললাইন বেঁকে যাওয়া বলে মনে করা হলেও অধিকতর তদন্তের জন্য ঢাকা রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় ঘটে পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী প্রায় সবকটি ট্রেন বিলম্বে যাতায়াত করছে। 

আরও পড়ুন: 

পুরানো খবর:

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ঢাকার পথে চট্টগ্রাম-সিলেটের ট্রেন বন্ধ
‘গরমে রেল লাইন বেঁকে’ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা