প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ‘ডিভাইস ব্যবহার’, আটক ভাই-বোন
এ ঘটনায় পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাদি হয়ে মামলা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় এক যুবক ও তার বোনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের মেড্ডায় পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ তাদের আটক করেন।
আটকরা হলেন-জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচানপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে রিনা আক্তার (২৩) ও তার বড় ভাই আব্দুল জলিল (২৮)।
ইউএনও বলেন, সকাল ১০টা থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরিদর্শনের সময় এক নারী পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার কানের ভেতরে থাকা ডিভাইস এবং এর সঙ্গে থাকা সিম কার্ড সম্বলিত এটিএম কার্ড সাদৃশ্য একটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
“জিজ্ঞাসাবাদে সে জানায়, এই ডিভাইস তার বড় ভাই তাকে দিয়েছে। পরে তার ভাইকে খবর দিয়ে আনা হয়। দুইজনকে পাশাপাশি জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়ার পর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাদি হয়ে মামলা করেন।”
আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগাগে পাঠানো হয় বলে জানান ইউএনও সেলিম শেখ।
