২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডর্টমুন্ডের মাঠে জিততে এমবাপেদের সাহসী হওয়ার বার্তা এনরিকের

সেমি-ফাইনালের দুই লেগেই জয়ের প্রত্যয় পিএসজি কোচ লুইস এনরিকের।

ডর্টমুন্ডের মাঠে জিততে এমবাপেদের সাহসী হওয়ার বার্তা এনরিকের
সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 11:58 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল দুই দলের। সেখানে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ড্রয়ের হতাশা নিয়ে ফিরতে হয়েছিল পিএসজিকে। এবার প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের মঞ্চে মুখোমুখি তারা। দুই লেগেই জয়ের প্রত্যয় লুইস এনরিকের কণ্ঠে। এজন্য প্রতিপক্ষের মাঠে তাদের সাহসী ফুটবল খেলতে হবে বলে মনে করেন পিএসজি কোচ।

ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে খেলবে পিএসজি। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার সিগনাল ইদুনা পার্কে বুধবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

নিজেদের মাঠে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েই এবারের চ্যাম্পিয়ন্স লিগে পথচলা শুরু করেছিল পিএসজি। গ্রুপের শেষ ম্যাচে জার্মান দলটির মাঠে ১-১ ড্র করেছিল তারা। মাঝে নিউক্যাসল ইউনাইটেড ও এসি মিলানের মাঠে হারের তেতো স্বাদ পেতে হয়েছিল তাদের। 

নকআউট পর্বের প্রথম দুই ধাপেই অবশ্য প্রতিপক্ষের মাঠে জিতেছে তারা। শেষ ষোলোর ফিরতি লেগে রেয়াল সোসিয়েদাদের মাঠে ২-১ গোলে এবং শেষ আটে বার্সেলোনার মাঠে দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতেছে ফরাসি দলটি। 

এনরিকে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বললেন, জয়ের ধারা ধরে রাখতে চান তারা। 

“গ্রুপ পর্বে আমরা প্রতিপক্ষের মাঠে জিততে পারিনি, তবে শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালে আমরা সান সেবাস্তিয়ান ও বার্সেলোনায় জিতেছি। আমাদের লক্ষ্য মাঠে নামা এবং আগামীকালের ম্যাচ জেতা। আমাদের লক্ষ্য সাহসী ফুটবল খেলা। আমরা দুটি দারুণ ম্যাচ খেলতে প্রস্তুত এবং দুটিই জিততে চাই।”

“ফাইনালে উঠে আমাদের সমর্থকদের খুশি করার সুযোগ রয়েছে। এটা করার যোগ্যতা অর্জন করেছি আমরা। সেটা আমরা উপভোগ করার চেষ্টা করব।”

ডর্টমুন্ড অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে তাদের সবশেষ ১০ ম্যাচে হারেনি (৬ জয়, ৪ ড্র)। পিএসজির জন্য কাজটা তাই কঠিন।

ওয়েম্বলির ফাইনালে উঠতে না পারলে সেটা ভীষণ হতাশার হবে বলেও মনে করেন এনরিকে। 

“আমি মনে করি, ফলাফল যাই হোক না কেন, ফাইনালে না পৌঁছানোটা সেমি-ফাইনালে থাকা চার দলের জন্যই হবে হতাশার। এতে কোনো সন্দেহ নেই।”