২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কেজিতে ৪০০ গ্রাম কম, কুমিল্লায় মুরগি দোকানিকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ছদ্মবেশী ক্রেতার কাছে ধরা পড়েন এই দোকানি।

দুই কেজিতে ৪০০ গ্রাম কম, কুমিল্লায় মুরগি দোকানিকে জরিমানা

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 11:38 PM

Updated : 26 Aug 2022, 11:38 PM

কুমিল্লা শহরে ওজনে কম দেওয়ায় এক মুরগি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শহরের রাজগঞ্জ বাজারের রুবেল ব্রয়লার হাউসকে এই জরিমানা করা হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান।

তিনি বলেন, তাদের তদারকি দলের ছদ্মবেশী ক্রেতা দুই কেজি সোনালি মুরগি কিনতে যান। তাকে ওজনে ৪০০ গ্রাম কম দেওয়া হয়। এ কারণে রুবেল ব্রয়লার হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া ওজনে কারচুপির কাজে ব্যবহৃত চারটি পরিমাপক যন্ত্র জব্দ করে ধ্বংস করা হয়।

রাজগঞ্জ বাজারে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। সে সময় বিভিন্ন অভিযোগে আরও তিন প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ হাজার টাকার জরিমানা করা হয় বলে জানান আছাদুল ইসলাম।

Image

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

তিনি বলেন, পরিমাপক যন্ত্রের ওপর ফ্যান লাগিয়ে কৌশলে ওজনে কম দেওয়ায় আবদুল্লাহ তাইফ ব্রয়লার হাউসকে তিন হাজার টাকা, মূল্যতালিকায় গরমিল থাকায় গাজীপুরী ব্রয়লার হাউসকে দুই হাজার টাকা এবং অতিরিক্ত দামে সবজি বিক্রির চেষ্টা করায় এক দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

তাছাড়া চাল, মাছ, ডিম, মুদির বাজারে বিশেষ তদারকি কার্যক্রম চালানো হয় এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয় বলে জানান আছাদুল ইসলাম।

Image

কারচুপিতে ব্যবহৃত পরিমাপক যন্ত্র ধ্বংস করা হয়

অভিযানে জেলা পুলিশের একটি দল ও জেলার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ছিলেন।