২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বন্যার শঙ্কা, স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ

বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নিতে প্রস্তুত থাকার জন্য সব উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটে বন্যার শঙ্কা, স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ

সম্ভাব্য বন্যা মোকাবেলায় বৃহস্পতিবার জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 10:03 PM

Updated : 15 Jun 2023, 10:03 PM

অব্যাহত বৃষ্টির কারণে সিলেট জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে; পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নিতে বলেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়। জেলা প্রশাসক মো. মজিবর রহমান সেখানে বলেন, আগামী ১৫ দিন সিলেটে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

“সিলেটে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। পূর্বাভাস রয়েছে আগামী ১৫ দিন সিলেটজুড়ে অতিবৃষ্টি হবে। এসময় ১৪০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।”

বন্যা হলে আগাম প্রস্তুতি রাখার জন্য সব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বলে জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, “সবার কাছ থেকে নিজ-নিজ উপজেলার পরিস্থিতি সম্পর্কে জেনে সার্বিক প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানদের বরাত দিয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, “নদীতে গত কয়েকদিনে বেশ পানি বেড়েছে। তবে এখনো বিপৎসীমার উপরে ওঠেনি। তারা জানিয়েছেন নিজ-নিজ উপজেলায় নগদ অর্থ ও চাল মজুদ রয়েছে। তবে তা পর্যাপ্ত নয়। তাই তাদের নতুন করে চাহিদা পাঠাতে বলা হয়েছে। সে অনুযায়ী জেলা প্রশাসন থেকে চাল ও অর্থ পাঠানো হবে।”

এছাড়া বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবস্থা বিবেচনায় দ্রুত সরিয়ে নিতে প্রস্তুত থাকার জন্য সব উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

এক প্রশ্নের জবাবে মো. মজিবর রহমান বলেন, গত বছরের বন্যার সময় তৈরি করা আশ্রয়কেন্দ্রগুলোকে আবারও প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে কেন্দ্রের তালিকা নতুন করে তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সিলেট মহানগর এলাকায় নির্বাচনের ভোটকেন্দ্রের জন্য কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিবর্তিত হতে পারে।

গত বছরের বন্যায় বড় নৌকার অভাব দেখা দেওয়ায় এবার স্টিলের দুটি বড় নৌকা কেনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি গত এক দিনে ২৬০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।    

আর শেওলা পয়েন্টে কুশিয়ারার পানির উচ্চতা ২৪ ঘণ্টায় বেড়েছে ১৭০ সেন্টিমিটার। বৃহস্পতিবার সকালে ওই পয়েন্টে পানি বইছিল বিপৎসীমার ৪৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে।