২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে তিন যানের সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ২ জনের

আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 07:31 PM

Updated : 26 Dec 2023, 07:31 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস-ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার চাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপ‌জেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতরা হলেন- কালিহাতী উপজেলার সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুর উপজেলার বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। অপর দিকে ঘাটাইল থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। অন্য দিকে পালিমা থেকে একটি অটোরিকশা ঘাটাইল দিকে যাচ্ছিল।

তিনি বলেন, “বাসটি অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। প‌রে ট্রাকটি অটোরিকশার উপর উল্টে পরে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়-মুচড়ে যায় এবং অটোরিকশার দুই যাত্রীর ঘটনাস্থলেই নিহত হয়।”

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বরে জানান পুলিশের এই কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদুর রহমান বলেন, হাসপাতালে আনার পথে শিশু আব্দুল্লাহ ও হীরামনের মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।