সিরিয়ার পূর্বাঞ্চলে হঠাৎ বন্যায় পাঁচ শিশুসহ ৭ জনের মৃত্যু
পূর্বাঞ্চলীয় প্রদেশ রাক্কা, দেইর আল জোর ও হাসাকায় বন্যা দেখা দিয়েছে। আলেপ্পোর কিছু অংশেও বন্যা হয়েছে।
সিরিয়ার পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টির পর দেখা দেওয়া হঠাৎ বন্যায় পাঁচ শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দেশটির জরুরি পরিস্থিতি ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী রায়েদ আল সালেহ এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন, চারজন নিখোঁজ রয়েছেন আর তাদের সন্ধানে উদ্ধারকারীরা বন্যাকবলিত এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
সালেহ জানান, বন্যার পানি দিয়ে তৈরি হওয়া একটি পুকুরে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়। আর এক ব্যক্তি বন্যার পানির মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ রাক্কা, দেইর আল জোর ও হাসাকায় বন্যা দেখা দিয়েছে। আলেপ্পোর কিছু অংশেও বন্যা হয়েছে। বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, টেলিযোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে আর বহু পরিবারকে তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে।
সিরিয়ার সিভিল ডিফেন্স বন্যার পানিতে আটকা পড়া অন্তত ৬০ জনকে উদ্ধার করেছে। বন্যার পানির তোড়ে সাতটি কালভার্ট ধসে পড়েছে।
