ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম জয় পেয়েছে লোডভিক ডি ক্রুইফের দল।
সিরিয়ার বিপক্ষে বড় হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল বাংলাদেশ। ভুটানকে উড়িয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম জয় পেল লোডভিক ডি ক্রুইফের দল।
সংযুক্ত আরব আমিরাতে শনিবার বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে হেরে বাছাই শুরু করেছিল দল।
বাংলাদেশের গোল উৎসবের শুরু ষষ্ঠ মিনিটে। হেদায়েত উল্লাহর লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। ৯ মিনিট পর মহিন আহমেদ ব্যবধান দ্বিগুণ করেন।
২৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বায়েজিদ বোস্তামি। এরপর দ্বিতীয়ার্ধে বদলি নেমে ইয়াসিন আরাফাত লক্ষ্যভেদ করেন।
আগামী মঙ্গলবার ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ম্যাকাওয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই দলের বর্তমান পয়েন্ট ৩ করে। ৬ করে পয়েন্ট স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার।
