২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে প্রথম স্ত্রীর প্ররোচণায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, দাবি পুলিশের

সাহেব তার দ্বিতীয় স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গলায় ওড়না পেঁচিয়ে এবং ছুরি মেরে হত্যা করে বলে জানায় পুলিশ।

ফরিদপুরে প্রথম স্ত্রীর প্ররোচণায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, দাবি পুলিশের

ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 09:20 PM

Updated : 06 May 2023, 09:20 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রথম স্ত্রীর প্ররোচণায় এক ব্যক্তি দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।  

শনিবার সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন। 

নিহত মনিরা আক্তার (২৬) নীলফামারীর ডোমার উপজেলার ভোগডুবরি গ্রামের জাফর হোসেনের মেয়ে এবং নগরকান্দার উপজেলার কোনাগ্রামের মো. সাহেব আলীর দ্বিতীয় স্ত্রী। 

মনিরা ফরিদপুর সদরের জোবায়দা-করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

এ ঘটনায় জড়িত সন্দেহে মো. সাহেব আলী (৩৮) এবং তার প্রথম স্ত্রী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কহলদিয়া গ্রামের প্রবাস ফেরত জ্যোৎস্না বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, সাহেব আলী ১২ বছর আগে জ্যোৎস্নাকে বিয়ে করেন। তাদের ১০ বছরের ছেলে রয়েছে। জ্যোৎস্নার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে এ কথা বলে সাহেব আলী তিন বছর আগে মনিরাকে বিয়ে করেন। 

“সাহেব আলী রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মনিরাকে বিয়ে করলেও সাহেব কোনাগ্রামে মায়ের সঙ্গে থাকতেন। অপরদিকে মনিরা ফরিদপুর সদরের বাখুন্ডা এলাকায় তার ফুপু ফুলজান খাতুনের সঙ্গে থাকতেন। তিনিও ওই পাটকলে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।” 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সাহেব নানা বিষয়ে মনিরাকে সন্দেহ করতেন। পাশাপাশি দীর্ঘদিন বিদেশ থেকে আসার পর সম্প্রতি তার প্রথম স্ত্রী জ্যোৎস্না বেগমের সঙ্গে সাহেবের ভালো সম্পর্ক গড়ে ওঠে।” 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “এ অবস্থায় পারিবারিক কলহ এবং প্রথম স্ত্রীর প্ররোচণায় সাহেব তার দ্বিতীয় স্ত্রী মনিরাকে নিয়ে ২২ এপ্রিল বিকালে বেড়াতে বের হন। এরপর ঢাকা-বরিশাল মহাসড়কে মানিকনগর সেতুর পাশে রতনের পুকুর পাড়ে নিয়ে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে এবং ছুরি মেরে মনিরাকে হত্যা করে পালিয়ে যান সাহেব।” 

“২৩ এপ্রিল সকাল ১১টার দিকে ওই এলাকা থেকে মনিরার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মনিরার ফুপু ফুলজান খাতুন বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন।” 

মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, “২৬ এপ্রিল মুকসুদপুর উপজেলার কহলদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে স্ত্রী জ্যোৎস্না বেগমকে গ্রেপ্তার করা হয়। জ্যোৎসা বেগমকে বর্তমানে জেল হাজতে রয়েছেন। 

এ ছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার ভোরে ঢাকার দোহার থানা এলাকা থেকে সাহেব আলীকে প্রেপ্তার করা হয়।” 

হত্যায় ব্যবহৃত ছুরিটি পুলিশ উদ্ধার করেছে বলে জানান অতিরিক্ত এই পুলিশ সুপার। 

নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল বলেন, সাহেব অলীকে আদালতে পাঠানো হয়েছে।