জাহাঙ্গীরনগরে তিন দফা দাবি ছাত্র ইউনিয়নের
তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উঁচু বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পরিবহন চত্বরে শেষ হয়; পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমবেশে পেশ করা তিন দফা দাবি হলো: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা, মাস্টারপ্ল্যান প্রণয়নের আগে সকল অপরিকল্পিত উন্নয়নকাণ্ড স্থগিত করা এবং নতুন হলসমূহ চালু করে তথাকথিত আবাসন সংকটের অবসান করা।
সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে শ্রেণিকক্ষের সংকট রয়েছে; সেদিকে ভ্রুক্ষেপ না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন প্রশাসনিক ভবন তৈরিতে ব্যস্ত। আবাসিক হলগুলোতে সিট সংকট; গণরুম সংস্কৃতি বন্ধ হচ্ছে না, এদিকে কর্তৃপক্ষের নজর নেই।”
দ্রুত নতুন হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় জাবি সংসদের সহ-সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আমরাও চাই, তবে সেটা মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হোক প্রাণ-প্রকৃতি বাঁচিয়ে। গাছ কেটে যে উন্নয়ন হচ্ছে তা প্রাণ এবং প্রকৃতির জন্য হুমকি।”
দাবি মানা না হলে প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গণ আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
