কাপ্তাইয়ে বন্যহাতির মৃত্যু
হাতিটির বয়স অনেক বেশি। স্ট্রোকজনিত কারণে প্রাণীটির মৃত্যু হতে পারে বলে ধারণা বন বিভাগের কর্মকর্তার।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় একটি বন্যহাতির মৃতদেহ পাওয়া গেছে।
স্থানীয় ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতি পাড়া কাঠালতলী এলাকায় বন্যহাতিটির মৃতদেহ পাওয়া গেছে।
তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি, তবে কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা জানতে পারিনি।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালীর রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ আমরা সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই।
“বৃহস্পতিবার সকাল ৮টায় হাতিটির মৃত্যু হয়। হাতিটির বয়স অনেক বেশি। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ট্রোকজনিত কারণে প্রাণীটির মৃত্যু হতে পারে।”
এই বন কর্মকর্তা আরও বলেন, এই বিষয়ে বন বিভাগের পক্ষে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে এবং যেস্থানে হাতিটি মারা গেছেন সেখানে মাটি খুঁড়ে হাতির মরদেহ পুঁতে ফেলা হবে।
মূলত রাঙামাটির চারটি উপজেলায় সচরাচর হাতির চলাচল দেখা যায়, এগুলো হলো কাপ্তাই, বাঘাইছড়ির আমতলী এলাকা, লংগদুর কিছু এলাকা এবং রাঙামাটি সদরের কিছু এলাকায়। এর মধ্যে কাপ্তাইয়ে প্রায় সময়ই চলাচলকারী হাতির পাল নজরে আসে।
