২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে প্রাণ গেল ৩ জনের

ট্রাকের ধাক্কায় অটোরিকশা মহাসড়কের পাশে খাদে পড়ে এবং মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় দুর্ঘটনাগুলি হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে প্রাণ গেল ৩ জনের

ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 01:44 PM

Updated : 28 Jun 2023, 01:44 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কসবা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় বিজয়নগরের বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এবং ৯টায় কসবার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- জুলেখা বেগম (৪০)। তার বাড়ি কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে হবিগঞ্জের মাধবপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল।

পথে বুধন্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

ওসি আরও জানান, সকাল ৯টায় সৈয়দাবাদ বাস স্ট্যান্ডে কুমিল্লা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন জুলেখা বেগম। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অজ্ঞাত দুইজনের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানান ওসি।