২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে হামলায় আহত মোটর মেকানিকের মৃত্যু

পাঁচ দিন আগে রাতে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয় বলে জানায় পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2024, 10:09 PM

Updated : 16 Mar 2024, 10:11 PM

নরসিংদীর শিবপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত এক মোটর মেকানিক মারা গেছেন। তবে এ ঘটনায় এ পর্যন্ত কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আহতের পাঁচ দিন পর শনিবার দুপুরে ঢাকার গুলশানে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন। 

১১ মার্চ রাতে বাড়ি ফেরার পথে উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যার বাজারে হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত মো. ফিরোজ মিয়া (৫৫) কালুয়ারকান্দা গ্রামের প্রয়াত হেলাল উদ্দিন ওরফে কড়া মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা ও মেকানিকের কাজ করতেন। 

ফিরোজের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে বন্যার বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাতারকান্দী নতুন মসজিদ এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। 

তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন পর মারা যান ফিরোজ মিয়া।

ওসি ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে ফিরোজ মিয়ার স্ত্রী পারভীন বেগম মামলা করেছেন। এখনও কাউকে শনাক্ত করা যায়নি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।