সিরাজগঞ্জে ভবন থেকে পড়ে ভারতীয় মেডিকেল ছাত্রীর মৃত্যু
শাহজাদপুরের পিপিডি আবাসিক হোটেলের ৪র্থ তলার ছাদ থেকে মঙ্গলবার দুপুরে তিনি পড়ে যান; বুধবার হাসপাতালে তার মৃত্যু হয়।
শিক্ষা সফরে গিয়ে হোটেলের ছাদ থেকে পড়ে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের এক ভারতীয় ছাত্রী প্রাণ হারিয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর শহরে অবস্থিত পিপিডি আবাসিক হোটেলের ৪র্থ তলার ছাদ থেকে পড়ে তিনি আহত হয়েছিলেন।
নিহত খুশবু মানজুর (২১) ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ কাতুবিজবিহারা এলাকার মানজুর আহম্মেদ কারাই এর মেয়ে। তিনি এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী।
পিপিডি আবাসিক হোটেলের ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, শাহজাদপুরে শিক্ষা সফরে মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৪৩ জন শিক্ষার্থী এবং সাত জন শিক্ষক হোটেলে আসেন।
“মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই শিক্ষার্থী একা হোটেলের ছাদে ওঠেন। এরপর হঠাৎ ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।”
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, ওই ছাত্রী হোটেলের ছাদ থেকে পড়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়।
“তবে ওই শিক্ষার্থী পড়ে গিয়েছেন নাকি কেউ ফেলে দিয়েছে তা জানা যায়নি।”
এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, মঙ্গলবার সকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দিনের শিক্ষা সফরে শাহজাদপুরে যান। ৮টায় শাহজাদপুরে পৌঁছে হোটেল ঠিক করার পর তারা ঘুরতে বের হন।
“দুপুরে হোটেলে পৌঁছে খাওয়া শেষ করে আড়াইটার দিকে ওই শিক্ষার্থী ছাদে ওঠেন। এরপর ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।”
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।
ওসি অরো বলেন, নিহতের বড় ভাই আদিল মানজুর এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। ময়নাতদন্ত শেষ হওয়ার পর নিহতের ভাইয়ের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
