২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

আহত দুইজনকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 03:11 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে; এ সময় আরও দুইজন আহত হয়েছেন। 

বুধবার সকালে বগুড়া-পাবনা মহাসড়কে উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান।  

নিহতরা হলেন- উপজেলার চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে অটোরিকশার চালক আব্দুল গফুর (৫৫) এবং ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে যাত্রী নজরুল ইসলাম (৪৭)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

ওসি ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী নজরুল নিহত এবং চালকসহ তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে ভর্তি করা হয়। সেখানে অটোরিকশা চালক আব্দুল গফুর মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।