কোরবানির সময় গরু চুরি রোধে পদক্ষেপ চায় সংসদীয় কমিটি
কমিটি জনগণের সুবিধার্থে ঢাকায় পাসপোর্ট অফিসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কোনো রোহিঙ্গা যেন পাসপোর্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে।
কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরি রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর উদ্যোগ নেওয়ারও সুপারিশ করা হয়।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সামছুল হক দুদু, ময়েজ উদ্দিন শরীফ, চয়ন ইসলাম, মো. সাদ্দাম হোসেন (পাভেল) এবং হাছিনা বারী চৌধুরী।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি জনগণের সুবিধার্থে ঢাকায় পাসপোর্ট অফিসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কোনো রোহিঙ্গা যেন পাসপোর্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে।
মাদকবিরোধী অভিযানে তথ্য সরবরাহ না করার অভিযোগ
মাদকবিরোধী যৌথ টাস্কফোর্সের অভিযানে সোর্সের তথ্য একপক্ষ অপরপক্ষকে তথ্য সরবরাহ না করার অভিযোগ করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ। কমিটির আগের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বুধবারের বৈঠকে ওই কার্যবিবরণী অনুমোদন দেয়া হয়। সেখানে এসব তথ্য তুলে ধরা হয়।
মুস্তাকীম বিল্লাহ মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে বৈঠকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সিভিল পোশাকে অভিযান পরিচালনা করা হয়। এতে অনেক সময় সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া এ ধরনের একটি ঘটনা ঘটেছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করে থাকে। ক্রেডিট নেয়ার জন্য সোর্সের তথ্য একপক্ষ অন্যপক্ষকে সরবরাহ করা থেকে বিরত থাকে।”
সোর্সকে একটি প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টা চলছে বলেও তিনি জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণের স্থানীয় কর্মকর্তা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ টাস্কফোর্স বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান পারিচালনা করে।
মাদক আইনে সাক্ষীর অভাবে সঠিক বিচার করা যাচ্ছে না
বুধবারের অনুমোদিত কার্য বিবরণীতে দেখা গেছে, কমিটির আগের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, মাদক আইনে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও অপরাধী ধরা পড়ার পর সাক্ষীর অভাবে সঠিক বিচার করা যাচ্ছে না। ফলে ছাড়া পাওয়ার কিছুদিনের মধ্যে নতুন উদ্যোমে পুনরায় অপরাধে জড়িয়ে যাচ্ছে তারা।
আগের বৈঠকে কমিটির সদস্য সানোয়ার হোসেন বলেন, লাইসেন্স ছাড়া মদ বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও তার এলাকায় মত শত লোকের কাছে মদ বিক্রি হয়। জেলখানার তথ্য নিলে দেখা যাবে অর্ধেকের বেশি কয়েদি মাদক মামলায় জড়িত। এ কার্যক্রম বন্ধে বড় বড় চিহ্নিত গোষ্ঠী/সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে। বর্তমানে মাদক পরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে কুরিয়ার সার্ভিস। এটাকে স্ক্যানিংয়ের আওতায় আনতে হবে।
বুধবারের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে লাইসেন্সপ্রাপ্ত ২১৭টি দেশি মদের দোকান, ৩৯টি বিদেশি মদের দোকান, ২৩৫টি বার রয়েছে।
গত ২৮ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত ৩২৮টি দোকান/বার পরিদর্শন করা হয়েছে।
আরো জানানো হয়, দেশে ১৮টি সিসা বার আছে। তবে কোনো সিসা কারখানা নেই।
কিশোর গ্যাং সমাজের জন্য অ্যালার্মিং
ওই বৈঠকে র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, কিশোর গ্যাং সমাজের জন্য অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে। কিশোর গ্যাং নির্মূলের জন্য অভিযান পরিচালনা করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছাড়া পেয়ে পুনরায় অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ছে।
“কোথায় কোন কিশোর গ্যাং আছে, তাদের কারা আশ্রয় দিচ্ছে তার তালিকা তৈরি করা হয়েছে। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।”
