১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত: বিএনপির দুজনের পদ স্থগিত

এ ঘটনায় যুবদল-ছাত্রদলের দুই সাবেক নেতার সদস্য পদ স্থগিতের সুপারিশ করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 12:30 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জমির দখল নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় বিএনপির স্থানীয় দুই সাবেক নেতার দলীয় সদস্য পদ স্থগিত করা হয়েছে। 

পাশাপাশি যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতার পদও স্থগিতের জন্য সংগঠন দুটির জেলা কমিটির কাছে সুপারিশ করেছে সিরাজগঞ্জ বিএনপি।

রোববার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সদস্য পদ স্থগিত হওয়া দুজনের মধ্যে আছেন, শাহজাদপুর রুপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিটন ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সেখ।

যুবদল ও ছাত্রদলের যে দুজনের সদস্য পদ স্থগিতের সুপারিশ করা হয়েছে, তারা হলেন, রুপবাটি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সেখ ও একই ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহ সভাপতি ইনজাজাম সেখ। 

এছাড়া সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।  

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ।

বড়ধুনাইল গ্রামে ১৫০ বিঘা সরকারি খাসজমি দখলে নেওয়াকে কেন্দ্র জাফর গ্রুপ ও রাজ্জাক গ্রুপের মধ্যে দীর্ঘদিন   ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার ও রোববার দফায় দফায় সংঘর্ষ হয়। 

এতে রাজ্জাক গ্রুপের লোকজন প্রতিপক্ষ জাফর গ্রুপের লোকজনের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। 

বাধা দিতে গেলে মারধরে জাফর গ্রুপের মদিন মোল্লাকে নিজ বাড়ির সামনে পিটিয়ে হত্যা করা হয়। 

এসব ঘটনায় এ গ্রুপের আরো অন্তত ২০ জন নারী-পুরুষ আহত হওয়ার দাবি করা হচ্ছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আরো পড়ুন:

সিরাজগঞ্জে খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১আহত ২০বাড়ি ভাঙচুর