Published : 10 Dec 2025, 01:32 AM
পাবনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থী চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজার এলাকায় এ দুর্ঘটনায় আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিএনপি নেতা ও পাবনা ৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শিমুল বিশ্বাস এবং পাবনা ৪ এর পার্থী হাবিবুর রহমান হাবিব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
আহত অন্য তিনজনের মধ্যে শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ও বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন রইচ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আর মাইক্রোবাস চালক শফিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, বিকালে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবসহ নেতাকর্মীরা। সেখান থেকে ফেরার পথে একদন্তে পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবের নির্বাচনি একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন তারা। তখন তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহতাবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।