যশোরে ১৮টি সোনার বারসহ যুবক আটক
বিজিবি জানায়, আটক সোনার ওজন দুই কেজি এবং মূল্য দুই কোটি টাকা।
যশোরের চৌগাছা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৮টি সোনার বারসহ এক মোটরসাইকেল আরোহী এক যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার বিকাল ৩টার দিকে তিলকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
আটক নাজমুল হোসেন (২২) চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের ঝিনাইকুণ্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানিয়েছেন, চৌগাছার সীমান্তবর্তী তিলকপুর গ্রামে রাস্তায় এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে বিজিবি সদস্যরা সোনার বার উদ্ধার করেন। নাজমুল হোসেন নামের ওই যুবক চৌগাছা থেকে তিলকপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন।
“বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।”
বিজিবি কর্মকর্তা জানান, আটক সোনার ওজন দুই কেজি; মূল্য দুই কোটি টাকা।
