জামালপুরের সাবেক এমপি মির্জা আজমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
২০২২ সালের ১২ ডিসেম্বর বিএনপির পথসভায় হামলা ও গুলির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে।
জামালপুর শহরে দুই বছর আগে বিএনপির পথসভায় হামলা ও গুলির ঘটনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য মির্জা আজমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি ফয়সল মো. আতিক।
বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় আওয়ামী লীগের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মির্জা আজম ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. জহুরুল ইসলাম, বিজু আহম্মেদ, হযরত আলী, নুরে আলম জিকু, যুবলীগ নেতা নিলয়, ছাত্রলীগ নেতা অমিত এবং তিলক।
মামলায় বলা হয়েছে, ২০২২ সালের ১২ ডিসেম্বর দুপুরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের দাবি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবি এবং কার্যালয় দখল ও ভাঙচুরের প্রতিবাদে গণমিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়।
কর্মসূচি শেষে শহরের বকুলতলা মোড়ে পথসভায় হামলা, হাতবোমা নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ওসি ফয়সল বলেন, মামলা পর থেকে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এই মামলার আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
