২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনকে আস্থায় নেয়নি বিএনপি: আনিছুর রহমান

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ নয় ভোটারদের উপস্থিতি বাড়ানো।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 07:18 PM

Updated : 26 Oct 2023, 07:18 PM

বিএনপি নির্বাচন কমিশনকে আস্থায় নেয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ে লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ নভেম্বর এই উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আনিছুর রহমান বলেন, “এই মুহূর্তে বিএনপির সঙ্গে সংলাপের বসার কোনো সুযোগ নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো দলের সঙ্গে সংলাপ হবে কী হবে না সেটা পরের সিদ্ধান্ত।”

নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচন কমিশনের কাজ নয় ভোটারদের উপস্থিতি বাড়ানো। নির্বাচন কমিশনের কাজ ভোটের পরিবেশ তৈরি করা। প্রার্থীরা ভোটারদের আস্থা অর্জন করতে না পারলে ভোটার উপস্থিতি বাড়বে না।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসি সচিব জাহাংগীর আলম, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু, লাঙ্গলের প্রার্থী মো. রাকিব হোসেন, গোলাপ ফুলের প্রার্থী শামছুল আলম খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার।