নাটোরে কৃষক হত্যায় ২৭ বছর পর ৬ জনের যাবজ্জীবন
১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ড ঘটে।
নাটোরের সিংড়ায় মেছের আলী নামের এক কৃষক হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের অতিরিক্ত পিপি শাহেদ মাহমুদ টিটু জানান।
দণ্ডিতরা হলেন- সিংড়ার কলিগ্রামের ইদ্রিস আলী, গুণাইখাড়ার আবু রায়হান মৃধা, শ্রী কার্তিক মণ্ডল, মো. মাহবুব মৃধা, উলিপুরের মো. আবুল হোসেন এবং কলিগ্রামের মো. ইউনুস আলী।
আসামিদের সাজার পাশপাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানাও দিয়েছেন বিচারক।
অতিরিক্ত পিপি মাহমুদ টিটু বলেন, সিংড়ার কলিগ্রামের সলেমান মৃধার সঙ্গে একই গ্রামের মেছের আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছেরকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী মছিরন বিবি। কিছুক্ষণ পর মেছেরের চিৎকারে প্রতিবেশীসহ পরিবারের লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
পরে মেছের আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে আট জনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় এবং তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর বিভিন্ন সময় তারা আদালত থেকে জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পর দুজন মারা যান এবং দুজন আত্মগোপনে চলে যান।
বাকি চারজন উপস্থিতে বিচারক মামলার শুনানি করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।
