২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর: যুবদল নেতা বহিষ্কার

মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে পুলিশ জানায়।

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
ইক্তার রহমার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কর্মকর্তাকে মারধারের জেরে পৌর যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর  সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। 

বহিষ্কৃত পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইক্তার রহমানের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগে মামলা হয়েছে।

ইক্তার রহমানকে বহিষ্কারের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে ওই কমিটি থেকে বহিষ্কার ও দলের প্রাথমিক সদস্য  পদ স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের দিকে যাচ্ছিলেন। 

তখন ইক্তার তার পথরোধ করে দাঁড়ান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে মারধর করে সেখানে ফেলে রাখা হয়। 

বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্যকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। 

কী কারণে জাহাঙ্গীর আলমকে মারধর করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা না গেলেও চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাবুদ সরকার বলেন, “একজন চিকিৎসকের গায়ে হাত দেওয়ার কারণে ইক্তার রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দুজনের মধ্যে পূর্বে সুসম্পর্ক ছিল। কোনো কারণে সেই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছিল।”

জীবননগর থানার ওসি মামুন মিয়া বলেন, জেলার সিভিল সার্জন হাদী মো. জিয়া উদ্দিনের হস্তক্ষেপে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ইক্তার হোসেনের নামে সোমবার দুপুরে জীবননগর থানায় মামলা করেছেন। মামলাটি আমলে নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।