১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্তে গুলিতে যুবকের মৃত্যু

“শুনেছি সে সুপারি আনতে ভারতে প্রবেশ করেছিল।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 07:39 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার টিপরাখলা-ঘিলাতৈল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান।

নিহত জমির আহমদ (২৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।   

স্থানীয় এলাকাবাসী বলছে, টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ‘অবৈধভাবে’ ভারতে প্রবেশের সময় ‘খাসিয়াদের’ ছোঁড়া গুলিতে জমির নিহত  হয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি পুলিশ।

ওসি বদরুজ্জামান বলছেন, “গুলিবিদ্ধ ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলি লেগেছে। শুনেছি সে সুপারি আনতে ভারতে প্রবেশ করেছিল।” 

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে এবং কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।