২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা বলছে, পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সঙ্গে ঝুলত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাকিবুল হাসান নামের ওই ব্যাংক কর্মকর্তার মৃতদেহ সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলার ১৫ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় বলে শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান।

রাকিবুল হাসান (২৮) শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং শাহরাস্তি থানা-পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন।

রাকিব হাসানের বন্ধু নাজিম উদ্দীনের বরাতে ওসি বলেন, আপন প্লাজা ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষে ভাড়া থাকতেন রাকিবুল। রাকিব সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেন। এপর নিজ নিজ রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তারা। সকাল ৮টার দিকে রাকিব ঘরের দরজা না খোলায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তা শাহরাস্তি থানায় খবর দেন।  

প্রত্যক্ষদর্শীরা বলছে, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সঙ্গে ঝুলত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ওসি আবুল বাসার বলেন, “এই ঘটনায় স্থানীয় জনসাধারণ এবং জনতা ব্যাংক সূচিপাড়া শাখার সদস্যদের মধ্যে সন্দেহ ক্ষোভ বিরাজ করছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।

“মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

ওসি বলেন, এর আগে সোমবার সকালে একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসেনকে গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের ঘটনায় আটক করে পুলিশ। পরে দুপুরে তাকে চাঁদপুর আদালতে তোলা হয়।