২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলিল রেজিস্ট্রির মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।

দলিল রেজিস্ট্রির মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 12:35 AM

Updated : 15 Aug 2023, 12:35 AM

বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

সোমবার দুপুরে রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জাকিয়া পারভীন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান দুদকের আইনজীবী বিজন কুমার বোস। 

মামলার বরাতে আইনজীবী বলেন, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন। ১৯৭২ সালে খালেক মৃধা বড় নুরপুর এলাকায় জমি ক্রয় করেন। ২০১৮ সালে একই এলাকার আব্দুল আলিম বিএস রেকর্ড গোপন রেখে এসএ রেকর্ড ব্যবহার করে চারজনের কাছে ৪২ শতাংশ জমি বিক্রি করেন এবং তার দলিলও সম্পন্ন করেন। একই সঙ্গে আব্দুল আলিম আদালতে ১৪৪ ধারা জারির মামলা করেন। 

একদিন খালেক মৃধা তার জমিতে কাজ করার সময় বাধা দেয় জমি ক্রয়কারীরা। ওই সময় তিনি তার জমি বিক্রির বিষয়টি জানতে পারেন। 

এ ঘটনায় তিনি রাজবাড়ীর আদালতে মামলা করেন। মামলায় মজিবর রহমান, আব্দুল বারেক, ইউসুফ, হাসনা, আব্দুল আলিম, জেলা রেজিস্টার গোলাম মাহবুবসহ ১০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি তদন্ত করার জন্য দুদক ফরিদপুর কার্যালয়কে দায়িত্ব দেয়। 

দুদকের আইনজীবী বলেন, “দুদক তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছে। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার অপর আসামিরা আদালতে আত্মসমর্পণ করেছেন।”