২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মের ভিত্তিতে পৃথিবীতে কোনো দেশ হয় না: আসাদুজ্জামান নূর

তিনি বলেন, একটি দেশে নানা ধর্মের মানুষ থাকলে ফুলের বাগানের মতোই সুন্দর হয়।

ধর্মের ভিত্তিতে পৃথিবীতে কোনো দেশ হয় না: আসাদুজ্জামান নূর

সমাবেশের আগে বেলুন ওড়ান অতিথিরা

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 09:57 PM

Updated : 24 Sep 2022, 09:57 PM

ধর্মের ভিত্তিতে পৃথিবীতে কোনো দেশ হয় না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, “সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, আচার-অনুষ্ঠান, খাওয়া-দাওয়ার অভ্যাস, কাপড়-চোপড় সবকিছু মিলে একটি দেশ হয়।”

শনিবার বেলা ১১টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামাজিক-সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই বীর মুক্তিযোদ্ধা এসব কথা বলেন।

আন্তঃধর্মীয় সম্পর্ক, সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে সামাজিক-সম্প্রীতির সমাবেশের আয়োজন করে নীলফামারী জেলা প্রশাসন।

যারা বলেন ধর্মের ভিত্তিতে দেশ হতে পারে, তাদের কাছে প্রশ্ন রেখে আসাদুজ্জামান নূর বলেন, “সৌদি আরব, আলজেরিয়া, মিসর, ইরান, ইরাক, আবুধাবি, কুয়েত, ওমান পর্যন্ত যত মুসলিম দেশ আছে, সব পাশাপাশি; এদের ভাষাও এক আরবি। ওইখানে তো সব দেশের মানুষ মুসলমান, সবাই আরবিতে কথা বলেন, তাহলে একটা দেশ হলো না কেন?”

তিনি বলেন, “প্রত্যেকটা দেশের নিজস্ব ইতিহাস-ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। সেটা নিয়ে তারা গর্ব করেন, অহঙ্কার করেন এবং নিজেদের আলাদা আলাদাভাবে চিহ্নিত করেন। একজন ইরাকের মানুষ বলেন, ‘আমি ইরাকি,’ একজন মিসরের মানুষ বলেন, ‘আমি মিশরীয়,’ একজন ইরানের মানুষ বলেন, ‘আমি ইরানি,’ আরব দেশের মানুষ বলেন, ‘আমি আরবীয়,’ কুয়েতের মানুষ বলেন, ‘আমি কুয়েতি,’ কাতারের মানুষ বলেন, ‘আমি কাতারি।’ কারণ, তাদের নিজ নিজ ভূখণ্ড নিয়ে গর্ব আছে, অহঙ্কার আছে। যেভাবে আমাদের অহঙ্কার আছে, আমরা বাংলাদেশি। ইতিহাসের এই সত্যতা ভুললে হবে না।”

বাংলাদেশ নানা রঙের ফুলের একটি দেশ মন্তব্য করে অভিনেতা ও রাজনীতিবিদ নূর বলেন, “বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখালেন, একটি স্বাধীন দেশের। উনি বলেছিলেন, ‘বাংলাদেশটা হবে একটা ফুলের বাগানের মতো।’ একটা ফুলের বাগানে নানা রঙের ফুল থাকলে যেমন বেশি সুন্দর হয়, তেমনি একটি দেশে নানা ধর্মের মানুষ থাকলে ফুলের বাগানের মতোই সুন্দর হয়।”

“বাংলাদেশে তো নানা রঙের ফুলের একটি দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, সাঁওতাল, গারো, চাকমা, মার্মা সব মিলেই তো বাংলাদেশ। এই যে বৈচিত্র, সে কারণেই তো বাংলাদেশটা সুন্দর! আর এই বৈচিত্র রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যে কারণে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতিটি মানুষ কোনো ধর্মীয় সে স্লোগান নয়, ‘জয় বাংলা’ শ্লোগান তুলে নিয়েছিলাম। ‘জয় বাংলা’ শব্দটা এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে। বঙ্গবন্ধু সেখান থেকে ‘জয় বাংলা’ শব্দটি নিয়েছেন। এই কবিতা লেখা হয়েছিল ভারত ভাগ হওয়ার অনেক আগে।”

তিনি আরও বলেন, “ইসলাম ধর্মে বলা আছে, কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তি অপরাধ বলে গণ্য করতে হবে; এজন্য কোনো সম্প্রদায়কে দায়ী করা যাবে না।”

জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ার, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুণ্ডু, নীলফামারী বড় মসজিদের পেশ ইমাম খন্দকার আশরাফুল হক নূরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু। 

সামাজিক-সম্প্রীতির ওই সমাবেশে জেলার ছয় উপজেলার জনপ্রতিনিধি, সুধী সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতারা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশের আগে সেখানে বেলুন ওড়ান অতিথিরা।