দেশি প্রযুক্তিতে সচল ডেমু ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু
প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে ৪ জন প্রকৌশলীর দেড় বছরের চেষ্টায় দেশি প্রযুক্তি ব্যবহার করে ট্রেনটি সচল করা হয়।
দিনাজপুরে দেশি প্রকৌশলীদের চেষ্টায় সচল করে তোলা ডেমু ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয়েছে।
রোববার দুপুরে ট্রেনটির এ কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মন্ত্রী ট্রেনে উঠে দিনাজপুরের পার্বতীপুর থেকে খোলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত গিয়ে ওই ট্রেনেই পার্বতীপুর ফিরে আসেন।
এ সময় দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক অসীম কুমার তালুকদার, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর উল আলমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, এখন থেকে ৩০০ আসনবিশিষ্ট এই ডেমু ট্রেনটি পার্বতীপুর-রংপুর রেলপথে নিয়মিত চলাচল করবে।
প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছাড়বে ও সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রংপুরে পৌঁছবে। আবার রংপুর থেকে ৬টা ২০ মিনিটে ছাড়বে ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পার্বতীপুর পৌঁছবে।
স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ২০১৩ সালে ৬৪৫ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আনে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেন পরিচালিত হতো বিশেষ সফটওয়্যারের মাধ্যমে।
ট্রেনগুলোর মেয়াদ ২০ বছর ধরা হলেও আমদানির মাত্র চার থেকে পাঁচ বছরের মধ্যেই একের পর এক বিকল হতে থাকে। নয় বছরের মধ্যে সবগুলো ট্রেনই বিকল হয়ে পড়ে।
ট্রেন হস্তান্তরের সময় এর সফটওয়্যার বা প্রযুক্তি সম্পর্কে বাংলাদেশের প্রকৌশলীদের জানানো হয়নি। ফলে ট্রেনের কোনো মডিউল বিকল হলে তা কেনার জন্য গুনতে হত সাত লাখ টাকা। পাশাপাশি সফটওয়্যার মডিউল সেটআপ দিতে চীনা প্রকৌশলীদের দ্বারস্থ হতে হত।
এ পরিস্থিতিতে রেলওয়ে কর্তৃপক্ষের ডাকে অচল ডেমু ট্রেন সচলে এগিয়ে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী আসাদুজ্জামান।
তার নেতৃত্বে চার জন প্রকৌশলী দেড় বছর ধরে গবেষণা ও চেষ্টা চালিয়ে চীনা প্রযুক্তিকে সরিয়ে দেশি প্রযুক্তি ব্যবহার করে ট্রেনটি সচল করতে সক্ষম হন।
গত ৪ সেপ্টেম্বর পার্বতীপুর থেকে কিছু যাত্রী নিয়ে পঞ্চগড়ে পরীক্ষামূলক যাতায়াত করে।
