২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ‘ছাত্রদল নেতার পিটুনিতে’ অটোচালকের মৃত্যু

পাওনা টাকার জন্য তাকে ধরে নিয়ে মারধর করা হয়; পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে মারা যান।

বরিশালে ‘ছাত্রদল নেতার পিটুনিতে’ অটোচালকের মৃত্যু

ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 10:01 PM

Updated : 29 Aug 2022, 10:01 PM

‘পওনা টাকা না পেয়ে’ বরিশালে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে; যিনি একটি ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।

রোববার রাত ১১টার দিকে নগরীর পোর্ট রোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।

নিহত শাহ আলম (৪০) নগরীর রসুলপুর কলোনীর বাসিন্দা মোসলেম হাওলাদারের ছেলে।

এ ঘটনায় শাহ আলমের পরিবার নগরীর ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সুজন খানকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাওনা টাকা না দেওয়ায় নগরীর পোর্ট রোডের এক ফল ব্যবসায়ী তাকে ধরে নিয়ে মারধর করেছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে রাতে ভর্তি করা হয়। রাত দেড়টায় তার মৃত্যু হয়।

এসআই রহমান আরও জানান, বর্তমানে শাহ আলমের লাশ হাসপাতালে রয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত করা হবে।

নিহত শাহ আলমের পরিবার জানায়, শাহ আলম সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও আগে নগরীর ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সুজন বাণিজ্য ভাণ্ডারে কাজ করতেন।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, “আমরা প্রথমে শুনেছিলাম গতরাত ৩টার দিকে রিকশায় করে বাসায় যাওয়ার পথে রসুলপুর ব্রিজে অসুস্থ হয়ে পড়েন শাহ আলম। এরপর রিকশা চালক তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনদের কাছ থেকে জানতে পারি এক ব্যক্তি তাকে মারধর করেছে এবং এর ফলে তার মৃত্যু হয়।”

বিষয়টি শুনে শাহ আলমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শাহ আলমের ছেলে শুভ জানান, শাহ আলম নগরীতে ফলের আড়তদার সাবেক ছাত্রদল নেতা সুজন খানের আড়তে কাজ করতেন। সুজন তার কাছে এক হাজার ৭০০ টাকা পেতেন।

থানায় দেওয়া অভিযোগের বরাতে শাহ আলমের আরেক ছেলে শান্ত বলেন, রোববার রাত ১১টার দিকে তার বাবা অটোরিকশা নিয়ে রসুলপুর আসার পথে সুজন খান ও তার লোকজন তাকে ধরে পোর্ট রোড আড়তে নিয়ে যান। পাওনা টাকার জন্য তাকে বেধরক মারধর করা হয়। পরে অটোরিকশা রেখে তাকে রিকশায় বাড়ি পাঠিয়ে দেন সুজন।

“রাস্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সুজন খানসহ আরও তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে বলে শান্ত জানান।