ঝিনাইদহে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
সদর উপজেলার চুলকানি বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় দুই আরোহী নিহত হয়েছেন।
উপজেলার চুলকানি বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন মহেশপুর উপজেলা মায়াধরপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শাহ পরান ( ১৮ ) ও একই গ্রাামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ দুজন মোটরসাইকেলযোগে ঝিনাইদহে আত্মীয়বাড়িতে আসছিলেন। চুলকানি বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়; এতে দুজন গুরুতর জখম হন।
“কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আল মাহমুদ মারা যান।”
ওসি জানান, শাহ পরানকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান।
