২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ছাত্রলীগের সংঘর্ষ, গোলাগুলি

সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2024, 07:39 PM

Updated : 04 Jan 2024, 07:46 PM

নাটোরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় এ সংঘর্ষ হয় বলে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাধারণ সম্পাদক এক অপরকে দুষছেন। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, “ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি মিছিল নিয়ে কান্দিভিটায় কার্যালয়ে যাওয়ার সময় সহসভাপতি গোলাম রাব্বানীর নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়।

“এ সময় সভাপতি ফরহাদ বিন আজিজসহ দুইকর্মী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাব্বানী বলেন, “ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ভণ্ডুল করতে পরিকল্পিতভাবে সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পাদক শাহীন এ ঘটনা ঘটিয়েছে।”

এ সময় তিনজন কর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

ওসি মিজানুর রহমান বলেন, বেলা ১২টার দিকে কান্দিভিটা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাব্বানীর নেতৃত্বে নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল বের করেন।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পাদক শাহীনের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে এলে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গোলাগুলি হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানালেও গুলি কারা করেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি।