রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্য থেকে এবারও পিছিয়ে বেনাপোল
ডলার সংকটে আমদানি কমে গেছে। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে।
যশোরের বেনাপোল বন্দরে রাজস্ব আদায়ের রেকর্ড হলেও এবারও তা লক্ষ্যমাত্রার পেয়ে পিছিয়ে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে দেশের বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৬৬ কোটি টাকা। আদায় হয়েছে ৫ হাজার ৭৮৬ কোটি টাকা। এই হিসাবে ঘাটতি ছিল ১৮০ কোটি টাকা।
লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও আগের বছরের তুলনায় আদায় বেড়েছে ২২৮ কোটি টাকা।
এই ‘ঘাটতি’ অবশ্য গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম। আর এবার অন্য যে কোনো বছরের চেয়ে বেশি আদায় হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকটে ব্যবসায়ীরা এলসি খুলতে না পারায় এবার আমদানি কমে গেছে। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। এই বিষয়টি না থাকলে এবার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যিতে পারত।
ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দুই দেশের ব্যবসায়ীরা বেনাপোল দিয়ে বাণিজ্যে বেশি আগ্রহী বেশি। তবে বর্তমানে ডলার সংকটের কারণে সরকার ঋণপত্রে (এলসিতে) শতভাগ মার্জিন শর্ত দিয়েছে। আবার ব্যাংকগুলো ডলার সংকট দেখিয়ে ঋণপত্র খুলছে না। যে কারণে গত বছরে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমে গেছে। ডলার সংকট কেটে গেলে আমদানির হার বেড়ে যাবে।”
যশোর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মিজানুর রহমান জানান, “গত কয়েক মাস ধরে ব্যাংকগুলো এলসি খুলছে না। এখন আমদানিকারকরা বেকায়দায় পড়েছেন।”
যশোরের মোটর যন্ত্রাংশ আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, “আমরা মোটরসাইকেল পার্টস আমদানি করে তা সারা দেশে বিক্রি করে থাকি। কিন্তু এখন চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারছি না। পণ্য আনতে না পারার ব্যবসায়ীকভাবে ক্ষতির শিকার হচ্ছি। সামনে কী পরিস্থিতি হবে কে জানে?”
বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, “আমদানি কমলে আমাদের রাজস্ব আয়ও কমে যায়। তারপরও আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ২৮ শতাংশ। ঈদের ছুটির কারণে জুন মাসের কয়েকটা দিন বন্ধ ছিল। যে কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম রাজম্ব আদায় হয়েছে।”
লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও আদায় বাড়ছে
জাতীয় রাজস্ব বোর্ড ২০২১-২২ অর্থবছরে এই বন্দর দিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে ৬ হাজার ২৪৫ কোটি টাকা। তবে পরে তার কমানো হয় এক হাজার কোটি টাকার বেশি। এরপরও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা থেকে আদায় কম হয় ৫৫৮ কোটি ৮ লাখ টাকা।
২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা, সে বছর আদায় হয় ৪ হাজার ১৪৮ কোটি ২৭ লাখ টাকা। ঘাটতি ছিল ২ হাজার ৯৬ কোটি ৩৫ লাখ টাকা।
২০১৯-২০ অর্থবছরে ঘাটতি ছিল ৩ হাজার ৩৯২ কোটি, আগের অর্থবছরে ১ হাজার ১৪৫ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব ঘাটতি ছিল ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা।
অর্থাৎ ছয় বছরের মধ্যে এই বন্দর নিয়ে রাজস্ব আদায় পাঁচ গুণ হয়ে গেছে।
