প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বিধান ফিরছে
অর্থবছরের প্রথম দুই মাসের রাজস্ব আদায়ের তথ্য এখনো প্রকাশ করেনি এনবিআর।
মাসে মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিবরণী দাখিলের যে বিধান বাজেটে তুলে নেওয়া হয়েছিল তা ফেরানোর উদ্যোগে সায় দিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
ব্যবসায়ীদের স্বস্তি দিতে চলতি অর্থবছর থেকে প্রতি মাসের বদলে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের বিধান চালু করা হয়। এর আগে মাসে মাসে এ রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক ছিল।
সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ভ্যাট রিটার্ন দাখিলে ১৫ দিন সময় থাকে। এর বদলে প্রত্যেক কর মেয়াদ বা প্রতি মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিল করতে হবে।
খসড়ায় এও বলা হয়েছে, পনেরোতম দিবসে সরকারি ছুটি থাকলে পরের কার্যদিবসে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। আর সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাস শেষে ভ্যাট রিটার্ন জমায় ২০ দিন সময় পাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে’ ওই বিধান সংক্রান্ত খসড়া অধ্যাদেশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় সভায়।
এদিকে নতুন অর্থবছরের প্রায় তিনমাস শেষ হতে চললেও প্রথম দুই মাসের রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের কয়েকজন কর্মকর্তা বলেন, বাজেটে ভ্যাট রিটার্ন জমার নিয়ম পরিবর্তনের ফলে রাজস্ব আদায় তুলনামূলক কম হওয়ায় তথ্য প্রকাশে ‘সময় নেওয়া হচ্ছে’ বলে তাদের ধারণা।
তাদের ভাষ্য, সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় ভ্যাট অনুবিভাগ থেকে। প্রতিমাসে ভ্যাট রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ায় সেখানে জুলাই ও অগাস্ট মাসের রাজস্ব আদায় ‘কমে গেছে’।
বিদ্যমান নিয়মে রাজস্ব আদায় কমেছে নাকি ‘সন্তোষজনক’ রয়েছে তা স্পষ্ট হবে আগামী মাসে ভ্যাট রিটার্ন দাখিল হওয়ার পর। এর মধ্যেই সরকার রাজস্ব আদায়ের পুরনো নিয়মে ফেরার সিদ্ধান্ত নিল।
