ঈদযাত্রা: পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ির চাপ
“সকালে বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে দুটি করা হয়েছিল।”
ঈদযাত্রায় গাড়ির চাপ বেড়েছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। সেতুর টোল প্লাজায় সাতটি বুথের মাধ্যমে টোল আদায় করেও যানবাহনের চাপ আটকানো যাচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেলের লেনে দীর্ঘ সারি দেখা গেছে।
মঙ্গলবার ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় অন্যান্য গাড়ির পাশাপাশি মোটরসাইকেলের ঢল নামে।পরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারে গাড়ির লাইন ছাড়িয়ে যায়। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের চাপ কিছুটা কমে আসে।
সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, “টোল প্লাজার মোটরসাইকেল বুথ ছাড়াও সাতটি বুথে টোল নিয়েও হিমশিম খেতে হয়। সকালে বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে দুটি করা হয়েছিল।
“তবে বেলা বাড়ার পর অন্য যান সামাল দিতে বাইকের বুথ আবার একটিতে নামিয়ে আনা হয়।”
“গাড়ি থেকে টোল আদায়ে প্রায় নয় মাস আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম-ইটিসি এখনও পুরোপুরি চালু করা যায়নি। ফলে এর সুফল মিলছে না।”যোগ করেন তিনি।
পরিস্থিতি সামল দিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? জানতে চাইলে মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর এসএম জিয়াউল হায়দার বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন সব চেষ্টাই চলছে। তবে ঈদের আগেরদিন একসঙ্গে বেশি যানবাহনের কারণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।”
তবে বাড়তি চাপে কিছু ঝামেলা থাকলেও অন্য যে কোনো বছরের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্য বাড়ি ফিরছে বলে জানান জিয়াউল।
গত বছরের ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে দ্বিতীয় দফায়বাইক চলাচল শুরু হয়। এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতু খুলে দেওয়ার পর বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত হলে কর্তৃপক্ষ বাইক চলাচল নিষিদ্ধ করে।
