ময়মনসিংহে মাদক মামলায় ৩ আসামির যাবজ্জীবন
২০১৮ সালে ১৬৫ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহে হেরোইন উদ্ধারের ঘটনার দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এই রায় ঘোষণা করেন বলে আদালত পরিদর্শক (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান জানান।
দণ্ডিতরা হলেন-ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের আশিক আলীর ছেলে নিজাম উদ্দিন, একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে হিরণ মিয়া এবং গফরগাঁও উপজেলার পূর্বধামাই গ্রামের কাজীম উদ্দিনের ছেলে নবী হোসেন।
সাজার পাশপাশি তাদের প্রত্যককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বরাতে আদালত পরিদর্শক মোস্তাছিনুর বলেন, ২০১৮ সালের ৩০ নভেম্বর ভালুকা মডেল থানার পারুলদিয়া বাজার এলাকা থেকে নিজাম উদ্দিন, হিরণ মিয়া ও নবী হোসেনকে ১৬৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে তারা হেরোইন বিক্রির উদ্দেশ্যে রেখেছে বলে স্বীকার করে। এরপর পুলিশ বাদি হয়ে এ ঘটনায় মামলা করে।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব বলেন, ওই মামলায় স্বাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। রায় ঘোষণার সময় নিজাম ও হিরণ উপস্থিত থাকলেও নবী হোসেন পলাতক রয়েছেন।
