১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতীয় মিডিয়ায় ‘অপপ্রচার’: বেনাপোলে বাদ্য বাজিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়করা সীমান্তের ছোট আচড়ার মোড়ে সমাবেশ করেন।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 06:59 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

বাংলাদেশে নিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে ‘অপপ্রচার’ ও ‘বিভ্রান্তিকর খবর’ প্রকাশের প্রতিবাদে যশোরের বেনাপোল সীমান্তে পদযাত্রা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়করা সীমান্তের ছোট আচড়ার মোড়ে সমাবেশ করেন।

এর আগে যশোর থেকে আসা সমন্বয়কদের প্রতিনিধি দলের সঙ্গে ব্যান্ডদলের বাদ্যযন্ত্রসহ বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বেনাপোল চেকপোস্টের দিকে যেতে থাকেন। পথে ছোট আচড়ার মোড়ে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সামনে না যাওয়ার আহ্বান জানান।

পরে তারা সড়কের ওপর বসে পড়েন। সেখানে ঘণ্টাব্যাপী মিছিল ও সমাবেশে স্থানীয় ছাত্র-জনতা তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় তারা ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র মানব না, মানব না’, বলে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাসেদ খান, যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ এবং সদস্যসচিব জেসমিন মুর্সীদি নেতৃত্ব দেন।