২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা কারাগারে

গত বছরের ১৩ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দিদারকে পিটিয়ে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা কারাগারে
আওয়ামী লীগ নেতা আবুল কালাম কালু মৃধা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 05:38 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান।

এর আগে সোমবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কারাগারে যাওয়া আবুল কালাম কালু মৃধা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলা সদর ইউনিয়নের পোনা গ্রামের ফকির উদ্দিন মৃধার ছেলে।

ওসি শফিউদ্দিন খান বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় কালু মৃধাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার স্ত্রী, সন্তান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।

সেই সময় হামলাকারীরা গাড়ি বহরে থাকা স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখে।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর শওকত আলীর স্ত্রী রাবেয়া রহমান ১১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও এক হাজার ৫০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।