১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সাদাপাথর লুট’: এবার কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি

ফেঞ্চুগঞ্জের ইউএনও মো. শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

‘সাদাপাথর লুট’: এবার কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

‘সাদাপাথর’ লুটের ঘটনায় সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। 

সোমবার বিকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজিজুন্নাহারকে কোম্পানীগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

আজিজুন্নাহার চলতি বছরের ১৪ জানুয়ারি কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন। সেই সময় থেকে উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর ‘লুটপাট’ শুরু হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়। আজিজুন্নাহারের বিরুদ্ধে পাথর লুট ঠেকাতে ব্যর্থতা ও উদাসীনতার অভিযোগ করেছেন স্থানীয়রা।

সমালোচনার মুখে ১২ অগাস্ট সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে ইউএনও আজিজুন্নাহারকে সদস্য রাখা হয়। যার বিরুদ্ধে লুটপাট ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে, তাকে কমিটিতে রাখায় জনমনে প্রশ্ন ওঠে।

সম্প্রতি ফেইসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, আনসার সদস্যদের নিয়ে সাদা পাথরে অবস্থান করছেন ইউএনও আজিজুন্নাহার। তার সামনেই নৌকায় করে পাথর লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এতে কোনও বাধা দিতে দেখা যায়নি আজিজুন্নাহারকে।

ভিডিওর বিষয়ে ইউএনও আজিজুন্নাহার বলেন, “আমি আমার পরিবারকে নিয়ে গত কোরবানির ঈদের দিন বিকালে সাদাপাথরে গিয়েছিলাম। এটা আমার পারিবারিক সফর ছিল। পাথর নেওয়া বিষয়টি দেখে আমি সঙ্গে সঙ্গে বিজিবিকে জানিয়েছি। তবে আমার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।”

পাথর লুটের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে ইউএনও আজিজুন্নাহারকে রাখা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সিলেট জেলার সাধারণ সম্পাদক কাসমির রেজা বলেন, “প্রশাসন কঠোর না হলে এ রকম লুটপাট বন্ধ হতো না। উনি (আজিজুন্নাহার) লুটপাট ঠোকাতে ব্যর্থ হয়েছেন।”

পর্যটন এলাকাটি রক্ষায় সিলেটের নতুন জেলা প্রশাসককে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন রেজা।

গত বছরের ৫ অগাস্টের পর থেকেই লুটপাটের শিকার হয় ভোলাগঞ্জের সাদা পাথর এবং এর পাশের ১০ একরের রেলওয়ে বাঙ্কার। শুরুর দিকে রাতে লুট হলেও সম্প্রতি দিনে-রাতে সব সময়ই হয়েছে। এতে একেবারে পাথর শূন্য হয়ে পড়েছে পর্যটন এলাকাটি। খানাখন্দে পরিণত হয় রেলওয়ে বাঙ্কার।

সাদা পাথরবদলে গেল সিলেটের ডিসিদায়িত্ব পেলেন সেই সারওয়ার আলম