সিলেটে চিনি লুটের মামলায় আরেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
৮ জুন বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকা থেকে ট্রাক চালককে জিম্মি করে প্রায় দেড় টন চিনি লুট হয়।
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ট্রাক চালককে জিম্মি করে প্রায় দেড় টন চিনি লুটের মামলায় আরেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আশরাফুল আলম শাকেলকে গ্রেপ্তার করা হয় বলে বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান।
আশরাফুল আলম শাকেল পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত ছাইফুল আলমের ছেলে।
শনিবার দুপুরে ওসি বলেন, আশরাফুলকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে। এ নিয়ে চিনি লুটের মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ৮ জুন বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকা থেকে ট্রাক চালককে জিম্মি করে প্রায় দেড় টন চিনি লুট হয়। চিনির মালিক বদরুল ইসলাম বিয়ানীবাজার থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার চারজনের মধ্যে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ রয়েছেন।
এদিকে, চিনি লুটের ঘটনায় শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক চিঠিতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
আরও পড়ুন:
