বগুড়ায় সুবিধাভোগীদের জন্য বরাদ্দ ২৭ টন চাল জব্দ, আটক ১
ওই ব্যবসায়ী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগীদের জন্য বিতরণ করা চাল ক্রয় ও মজুত করতেন বলে জানান খাদ্য কর্মকর্তা।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি গুদাম থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ২৭ টন চাল জব্দ করেছে যৌথবাহিনী। অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযোগে আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে।
মঙ্গলবার দুপুরে উপজেলার তালোড়া ইউনিয়নে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম।
আটক মো. ফারুক হোসেন ওই ইউনিয়নের বাশোপাতা এলাকার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথী।
খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ফারুক বিভিন্ন সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগীদের জন্য বিতরণ করা চাল ক্রয় করে অবৈধভাবে মজুত করতেন।
গোপন খবর পেয়ে বিকাল ৩টার দিকে ইউএনও জান্নাত আরা তিথীর নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালায়।
অভিযানে গুদাম থেকে ২৭ টন চাল এবং সরকারি সিলযুক্ত তিন হাজার খালি বস্তা উদ্ধারের পাশাপাশি ফারুকে আটক করা হয় বলে জানান তিনি।
আটক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানান খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম।
