২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ‘ব্যবসায়ীর টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টায়’ ২ পুলিশ প্রত্যাহার

‘টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টার’ প্রতিবাদে বড়খাতা-জলঢাকা সড়কে বিক্ষোভ ও দোয়ানী পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন স্থানীয় ব্যবসায়ীরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2024, 07:47 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

লালমনিরহাটের হাতীবান্ধার পথরোধ করে ব্যবসায়ীর টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাতীবান্ধা থানার আওতাধীন দোয়ানী ফাঁড়িতে কর্মরত নারায়ণ বমর্ণ ও মামুন মিয়া নামে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মঙ্গলবার মধ্যরাতে থানায় সংযুক্ত করা হয়েছে বলে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত জানান।

তিনি বলেন, “পুলিশ সদস্যরা সাদা পোশাকে তল্লাশি চালানোর কারণে ব্যবসায়ীরা বিরক্ত হয়ে চিল্লাচিল্লি করেন। এ সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছে।” 

হাসমত আলী নামে ওই ব্যবসায়ী জানান, তিনি দোয়ানী বাজারে ভুট্টার ব্যবসা করেন। মঙ্গলবার রাতে স্থানীয় সাধুর বাজার থেকে পাশের ডিমলা উপজেলায় যাওয়ার পথে ফ্লাড বাইপাসের মাঝামাঝি অন্ধকারে তার পথরোধ করেন দুই ব্যক্তি। এ সময় তার কাছে থাকা ৪৩ লাখ একটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তখন তিনি চিৎকার দিলে পথরোধকারী দুজন নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেন। যদিও তাদের পরনে পুলিশের কোনো পোশাক ছিল না। 

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, হাসমত আলীর চিৎকার শুনে তারা এগিয়ে যান।

এ ঘটনার প্রতিবাদে তারা বড়খাতা-জলঢাকা সড়কে বিক্ষোভ ও দোয়ানী পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ঘটনাস্থলে যান। ফাঁড়িতে বসে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে অভিযোগ ওঠা দুই পুলিশ সদস্যকে ফাঁড়ি থেকে প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

রাতেই নারায়ণ বমর্ণ ও মামুন মিয়াকে প্রত্যাহার করে দোয়ানী পুলিশ ফাঁড়ি থেকে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে নির্মল চন্দ্র বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।”

ভুট্টা ব্যবসায়ী হাসমত আলী বলেন, “বৈঠকে বিষয়টির মীমাংসা হয়েছে। দুই পুলিশ সদস্যকে ওই ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নেওয়ায় এ বিষয়ে আমার আর কোনো অভিযোগ নেই।”