Published : 08 Sep 2026, 03:53 PM
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও ছয়জন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান।
নিহত মিসকান সরদার (৩৬) ওই গ্রামের লোকমান সরদারের ছেলে। আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত সারফিনা বেগম বলেন, “স্থানীয় বিরোধ নিয়ে একই এলাকার আসলামের সঙ্গে মিসকানে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে সকালে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। তারা মিসকানসহ আমাদের সাতজনকে কুপিয়ে আহত করেন।”
তিনি বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে মিসকানকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
ওসি আব্দুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।