নওগাঁয় মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দায়ে যুবকের কারাদণ্ড
২০২২ সালে মাদ্রাসায় ঢোকার সময় ওই ছাত্রীকে অপহরণ করেন সুমন।
নওগাঁয় মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলায় একজনকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. মকবুল হোসেন।
দণ্ডিত সুমন হোসেন (২৫) সদর উপজেলার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি মকবুল হোসেন বলেন, ২০২২ সালের ১৩ অগাস্ট এক মাদ্রাসায় ঢোকার সময় ওই ছাত্রীকে জোর করে অটোরিকশায় যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান সুমন।
পরবর্তীতে ২০২২ সালের ২০ অগাস্ট কিশোরীর বড় ভাই থানায় মামলা করেন। পরে পুলিশ সুমনকে গ্রেপ্তার করে এবং ওই ছাত্রীকে উদ্ধার করে তার ভাইয়ের জিম্মায় দেয়।
তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি সুমনকে ১৪ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
